বোমা ফাটিয়ে দোকানে ডাকাতি, নিরাপত্তারক্ষী নিহত
সিলেট নগরীর জিন্দাবাজারে একটি স্বর্ণের মার্কেটে হাতবোমা ফাটিয়ে ডাকাতির সময় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ডাকাতরা নেহার মার্কেট থেকে কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে দাবি করেন ব্যবসায়ীরা।
এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মঘট আহবান করেছেন স্বর্ণের মার্কেটে ব্যবসায়ীরা।
জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সিলেটের সব স্বর্ণের দোকান বন্ধ থাকবে। ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধার না করা হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে।
আল বারাকা জুয়েলার্সের মলিক ফিরোজ মিয়া, পরমা জুয়েলার্সের মালিক বরুণ বণিক ও কমলাভান্ডারের মালিক রাজা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে ৮/১০ জন যুবক মার্কেটের সামনে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে মার্কেটের সামনের দিকের আল বারাকা জুয়েলার্স, কমলাভান্ডার জুয়েলার্স এবং পরমা জুয়েলার্সে ঢুকে দোকান ভাঙচুর করে এবং স্বর্ণ লুট করে।
যাওয়ার সময় আরো কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতরা।
ডাকাতদের হামলায় আহত হন রনজিত চক্রবর্তী (৫৫), সেলিম আহমদ (৫০), মামুন হাসান (৪৫) ও মার্কেটের নিরাপত্তা প্রহরী বাদশা মিয়া।
তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা বাদশাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক আজাদ মিয়া আহত একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
নিহত বাদশা সুনামগঞ্জের তাহিরপুরের পুরানলাউর গ্রামের মরম আলীর ছেলে।
এদিকে ঘটনার পর পুলিশ আসতে দেরি করায় তাদেরকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
কোতয়ালী থানার ওসি নাসির উদ্দিন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশকে সহায়তা করেননি। তবে ডাকাতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
রাত সোয়া ৯টায় র্যাব এসে মার্কেটের ভেতর ও সামনের রাস্তা থেকে ৫-৬টি তাজা হাতবোমা উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ জানান, ডাকাতদের গ্রেপ্তারে নগরীর সবকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
