২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর গুলিতে দুইজন আহত

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর গুলিতে দুইজন আহত হয়েছেন। রমনা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

ধানমন্ডি থানার এসআই মো. মিজান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন আকতার হোসেন (৫০) ও মো. আলাউল (৩০)। তারা ধানমন্ডির ইসলাম ফার্মার কর্মী।

এসআই মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ফার্মেসি বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন আকতার ও আলাউল। পথে একটি মোটর সাইকেলে করে তিন যুবক এসে তাদের পথ রোধ করে এবং গুলি করে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”

আকতারের পেটে ও পায়ে এবং আলাউলের পায়ে গুলি লেগেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তবে ব্যাগে কত টাকা ছিল তা জানাতে পারেননি মিজান।

এদিকে রাত পৌনে ১টার দিকে ইস্কাটন রোড থেকে কাজী রেফায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, রেফায়েতের শরীরে গুরুতর জখম রয়েছে। তবে তিনি কীভাবে আহত হলেন তা জানা যায়নি।