এগোচ্ছে না অক্সিজেন-হাটহাজারী সড়ক
চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের সম্প্রসারণ প্রকল্পের মেয়াদ মাত্র চার মাস বাকি থাকলেও আড়াই বছরে কাজ শেষ হয়েছে মাত্র ২৫ শতাংশ।
দফায় দফায় পরিদর্শনে এসে কাজ শেষের তাগাদা দিচ্ছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। কাজের মন্থর গতি দেখে ঠিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলছেন তিনি।
কিন্তু বরাদ্দের অর্থ হাতে না পেয়ে স্বাভাবিক গতিতে কাজ এগিয়ে নেয়া যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর।
ঠিকাদারদের হিসাব মতে, মেয়াদের শেষ পর্যায়ে এসেও মোট ব্যয় বরাদ্দের মাত্র এক চতুর্থাংশের মতো অর্থ তাদের হাতে এসেছে।
মোট ১২৯ কোটি টাকা বরাদ্দ নিয়ে ২০১০ সালের নভেম্বর শুরু হয় চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ। তবে সব মিলিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে মাত্র ৩৬ কোটি টাকা পৌঁছেছে বলে মন্ত্রণালয় ও ঠিকাদার সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম নগরী থেকে পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মূল সড়কটিতে ১২ কিলোমিটার সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় রয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম সফরকালে হাটহাজারীর ছড়ারকূল এলাকায় প্রকল্পের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ), চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়াকে কারণ দর্শানোর নোটিস দিতে বলেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
তবে মন্ত্রীর কথাতেই অর্থ স্বল্পতার বিষয়টি পরিষ্কার হয়।
তিনি বলেন, এ সড়কের জন্য মোট বরাদ্দ ১২৯ কোটি টাকা। পাওয়া গেছে ৩৬ কোটি টাকা। এ বছরও এ সড়কের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংশোধিত বাজেটে বরাদ্দ আরো বাড়ানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সওজর এক কর্মকর্তা জানান, ২০১৩-১৪ অর্থবছরে প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র ১০ কোটি টাকা।
মন্ত্রী ১০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেও অর্থ বছরের প্রথম দুই মাস শেষেও তা ছাড় হয়নি বলে জানান প্রকল্প পরিচালক রানা প্রিয় বড়–য়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরাদ্দ হওয়া ৩৬ কোটি টাকার মধ্যে সওজ পেয়েছে মাত্র ২৬ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ হওয়া ১০ কোটি টাকা এখনও ছাড় হয়নি।
সরেজমিন দেখা গেছে, সড়কটির সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা অংশে মাটি ফেলা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ প্রায় ছয় মাস আগে শেষ হয়েছে।
প্রকল্পের অন্যতম ঠিকাদার প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক মো. হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটির ছয় কিলোমিটার অংশে কার্পেটিং এর কাজ করতে প্রায় ৩০ কোটি টাকা দরকার। বরাদ্দ মিলেছে মাত্র ১০ কোটি টাকা।
দ্রুত টাকা ছাড়া না হলে প্রকল্প মেয়াদে এই অংশের কাজই শেষ করাও সম্ভব নয় বলে জানান তিনি।
