দুবাইয়ে নিহত মিজানুর সমাহিত
দুবাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ফরিদপুরের মিজানুর রহমানের মরদেহ দাফন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক গ্রামে নিজ বাড়িতে মিজানুরকে আনা হয়।
সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) জাহিদ আনোয়ার পরিবারের কাছে মিজানুরের লাশ হস্তান্তর করেন।
জানাজা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির উঠোনে শেষ শয্যায় শায়িত করা হয় মিজানুরকে।
গত ১ জুন দুবাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুরসহ ছয়জনের মৃত্যু হয়। অন্যদের লাশ আগেই দেশে ফিরিয়ে আনা হয়।
গাজীরটেক গ্রামের কৃষক মোসলেম বেপারীর ছয় সন্তানের মধ্যে তৃতীয় হলেন মিজানুর রহমান। গত বছরের জানুয়ারিতে দুবাই গিয়েছিলেন তিনি।
লাশ বাড়ি পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মিজানুরের স্ত্রী রুখসানা সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাদের দুই বছরের মেয়ে মার্জিয়া বুঝতে পারছে না তার বাবা আর কোনোদিন ফিরবে না।
বাড়ির সকলের কান্না দেখে সেও উঠোনে বসে কাঁদছিল। এ সময় উপস্থিত সবার চোখ জলে ভরে ওঠে।
“সংসারের অভাব দূর করতে অনেক কষ্টে ধার করে সাড়ে তিন লাখ টাকা দিয়ে মিজানুরকে দুবাই পাঠিয়েছিলাম। ধারের সেই টাকা শোধ না হতেই মিজানুরকে লাশ হতে হল। আজ তাকে মাটির ঘরে শুইয়ে দিয়েছি,” কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন মিজানুরের বাবা মোসলেম বেপারী।
