২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবপ্রিয়র বাসায় নৈশভোজে ফখরুল, মজিনা

নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের মুখোমুখী অবস্থান ও বিদেশি কূটনীতিকদের সংলাপের তাগিদের মধ্যেই বৃহস্পতিবার রাতে সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের গুলশানের বাসায় নৈশভাজে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুক্তরাষ্ট্রু, কানাডা ও ভারতসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 06:08 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয়র বাসায় এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হলেও বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা এই অর্থনীতিবিদ বলছেন, এটি ছিল ‘কেবলই পারিবারিক’ অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিপিডি সবাইকে নিয়েই কাজ করে। এ কারণেই তাদের দাওয়াত দিয়েছিলাম। সিপিডির প্রধান অধ্যাপক রেহমান সোবহানও ছিলেন।”     

আমন্ত্রিতদের মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন ও ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণও উপস্থিত ছিলেন ওই নৈশভোজে।

ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিপিডি ফেলোর আমন্ত্রণে হাই কমিশনার ওই নৈশভোজে যোগ দেন। এটি ছিল নিছকই ‘সামাজিক অনুষ্ঠান’।

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এই নৈশভোজে। রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা তারা দেবপ্রিয়র গুলশানের বাসায় ছিলেন। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ ছিলেন কি না জানতে চাইলে দেবপ্রিয় বলেন, সব দলের নেতারাই তার বাড়িতে এসেছিলেন।

“আমি কারো নাম বলতে চাই না, কারণ এতে কেউ বিব্রত হতে পারেন। এটা ছিল একটি পারিবারিক অনুষ্ঠান।”