সিলেটে স্বর্ণের মার্কেটে ডাকাতি: আটক আরো ৩
সিলেট নগরীর জিন্দাবাজারে একটি স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় আরো তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ও রাতে পৃথক অভিযানে আটকরা হলেন ওসমানী মেডিকেল এলাকার নাহিদুল ইসলাম ওরফে কালা নাহিদ (৩৪), উমেদ আলী (৩৫) এবং ১২টি ডাকাতির মামলার আসামি মরম আলী (৪০)।
এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হল।
এর আগে আটক হন কবীর আহমদ ওরফে হেরোইন কবীর (৩৫) ও আবদুল জলিল ওরফে ফোকড়া জলিল (৩৩)।
কোতোয়ালি থানার ওসি আহমেদ নাসির উদ্দিন জানান, ডাকাতির পর থেকে এ পর্যন্ত ৫ জনকে আটক করা করা হয়েছে। র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এদের আটক করা হয় বলে জানান ওসি।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা এখনো মামলা করেননি।
এদিকে ডাকাতির ঘটনায় জড়িতরা রোববারের মধ্যে গ্রেপ্তার না হলে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে নগরীর সন্ধ্যা বাজারে সিলেটের সর্বন্তরের ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত সভা থেকে এই আন্দোলনের হুমকি দেয়া হয়।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া জানান, ডাকাতির সঙ্গে প্রকৃত জড়িতদের গ্রেপ্তার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করতে না পারলে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবে।
বুধবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে ডাকাতি হয়। ডাকাতরা হাতবোমা ফাটিয়ে মার্কেটের তিনটি দোকানের স্বর্ণ লুট করে। এ সময় বোমা বিস্ফোরণে মার্কেটের নৈশপ্রহরী নিহত ও ব্যবসায়ীসহ চার জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সব স্বর্ণের দোকান বন্ধ রেখে ধর্মঘট করে সিলেট জুয়েলারি সমিতি। পরে সিলেটের সকল মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরা যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীদের আন্দোলনে।
