২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত

ভোলায় অমাবস্যায় সৃষ্ট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ৫ উপজেলার শতাধিক গ্রাম।

আহাদ চৌধুরী তুহিন

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বুধ ও বৃহস্পতিবার জোয়ারের পানিতে এসব গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে।

পানিবন্দি হয়ে পড়েছে ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, মনপুরা, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার এসব গ্রামের লক্ষাধিক বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ২০ কিলোমিটার বাঁধ সংস্কার না করায় গত চার মাসে এসব গ্রাম অন্তত সাতবার প্লাবিত হয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান জানান, জোয়ারের পানির চাপের কারণে বাঁধ নির্মাণের কাজে ব্যাহত হচ্ছে। পানির চাপ কমে গেলে ফের নির্মাণ কাজ শুরু হবে।

ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই এলাকার ক্ষতিগ্রস্ত ৭৫ হাজার পরিবারের জন্য ৩ মাস করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে। তা পর্যায়ক্রমে বিতরণ চলছে।

সরজমিনে দেখা যায়, সদরের কাচিয়া এলাকার পানিবন্দী জেসমিন আক্তারের ঘর পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, “ঘরে পানি থাকায় চুলো জ্বলছে না, সুকনো খাবার খেয়ে আছি।”

একই এলাকার গৃহবধূ ছালমা খাতুন জানান, ছোট ছোট বাচ্চা নিয়া পানির ভয়ে আছি। কখন পানিতে পড়ে যায়। ঘর-বাড়ি সব তলিয়ে গেছে।

নাজমা আক্তার একটু ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা ত্রাণ চাই না, বাঁধ নির্মাণ চাই। বাঁধ হইয়্যা গেলে আমাগো পানির কষ্ট থাকবো না।”

বোরহানউদ্দিনের বড় মানিকার আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার বার বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই বার বার পানিতে এ এলাকা প্লাবিত হচ্ছে।

হাই আরো বলেন, জোয়ারের পানির চাপে ঘরটা ভেঙ্গে গেছে। এখন অন্যের বাসায় আশ্রয় নিয়েছি। নতুন করে ঘর নির্মাণের টাকা নেই।