‘খালেদা জিয়ার মামলা নিয়ে আমরা ক্লান্ত’
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
আসামিদের অন্যতম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় আবেদন শুনানিতে বলেন, রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলে কোনো সংসদ সদস্যকে অধিবেশন ডাকার সাতদিন আগে ও অধিবেশন শেষ হওয়ার সাতদিন পর পর্যন্ত আদালতে উপস্থিত হতে হবে না বলে আইন রয়েছে।
খালেদা জিয়া সাংসদ হওয়ায় এ সুযোগটি পাবেন বলে আদালতকে অবহিত করেন তিনি।
তবে শুনানি পেছানোর প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২০ মাস ধরে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হচ্ছে। কিন্তু নানা অজুহাতে আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদন করছেন। আর আদালত তা মঞ্জুর করছেন। এতে করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।”
ফাইল ছবি
পরে আপিল বিভাগে মামলা শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় নিম্ন আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করা যাবে কিনা সে বিষয়ে শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন।
এ সময় তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে থাকায় তার অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে হাজিরা দাখিল করেন।
এদিন জামিনে থাকা আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন না। তাদের পক্ষে হাজিরার জন্য সময় চাওয়া হয়।
এছাড়া অভিযুক্ত ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।
এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে।
মামলাটি তদন্ত করে দুদক খালেদা জিয়া, তারেক রহমানসহ অপর চার জনকে অভিযুক্ত করে গতবছরের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
