দিনাজপুরে এসিডে দগ্ধ গৃহবধূর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে এসিড হামলার শিকার এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাঁপাপাড়া গ্রামের নাসরিন বেগম ফেন্সি (৪০) মারা যান।
আহত রেজানুর হক জুয়েল (৪৫) ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, একই গ্রামের মো. ইলিয়াস হোসেন বাহাদুরের ছেলে জুয়েলুর রহমান (৪০) এবং রেজানুরের দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম (২৯)।
বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাঁপাপাড়া গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের মেয়ে ইশাত জাহান।
ইশাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ও মা ঘুমিয়ে ছিলেন। এ সময় দুস্কৃতকারীরা ঘরের বেড়া কেটে তাদের শরীরে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।
তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় ফেন্সির মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
