সিলেটে জালটাকা তৈরির মেশিন উদ্ধার, আটক ৪
সিলেট নগরীর লোহারপাড়া থেকে জালটাকা তৈরির সঙ্গে যুক্ত সন্দেহে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে জালটাকা তৈরির মেশিন ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের ফয়সল রনি, সুমন, ফারদিন ও বগুড়ার বিপ্লব।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লোহারপাড়া ১১১ নম্বর বাসায় অভিযান চালিয়ে জালটাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ চার যুবককে আটক করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালটাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
তিনি জানান, জাল টাকা তৈরির মূল কারিগর বিপ্লব ঢাকায় থাকে। সে সিলেটে এসে জাল টাকা তৈরি করে আবার ঢাকায় ফিরে যেত।
এদিকে বুধবার সকালে শাহী ঈদগাহ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. খায়রুল বক্স ও সজিবুর রহামান নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
