২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে আনসার নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

নিহত বেলায়েত হোসেন (৪০) বিএসআরএম স্টিল মিলে দায়িত্বরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কর্মরত আনসার সদস্য মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে একজন অটোরিকশা চালক আহত অবস্থায় বেলায়েতকে বিমানবন্দর গেইটে নিয়ে আসেন।

বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলায়েতের মৃত্যু হয়।

অটোরিকশা চালকের বরাত দিয়ে সালাউদ্দিন জানান, বিমানবন্দর সড়কের শহীদ মিনার এলাকায় কয়েকজন লোক ছুরি মেরে বেলায়েতকে ওই অটোরিকশায় তুলে দেয়। তারপর বেলায়েত তাকে বিমানবন্দর আনসার ফাঁড়িতে নিয়ে যেতে বলায় তিনি নিয়ে যান।

বেলায়েত আগে বিমানবন্দরে কর্মরত ছিলেন জানিয়ে সালাউদ্দিন বলেন, “সম্প্রতি তাকে সীতাকুণ্ড থানায় বদলি করা হয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০ টার দিকে বেলায়েতকে হাসপাতালে ভর্তি করার পর ভোর ৪টার দিকে তিনি মারা যান।