২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই যুবক খুন

গাজীপুর সদর ও টঙ্গীতে মঙ্গলবার রাতে দুই যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন ময়মনসিংহের নাশুল্যা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে আবু রায়হান (২৫) এবং টঙ্গীর নোয়াগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, ভোরে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তার ঈদগাহ মাঠে আবু রায়হানের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ছুরিকাঘাতে খুন করে মৃতদেহ ঈদগাহ মাঠে ফেলে যায়। তার পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেন পুলিশ কর্মকর্তা।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, টঙ্গীর মুদাফা এলাকায় দুর্বত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলাম।

মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বুধবার ভোরে তার লাশ উদ্ধার করে।

নিহত সাইফুল টঙ্গীর স্টেশন রোডের তৃপ্তি হোটেলের মালিক বলে জানান ওসি আজাদ। 

লাশ দুইটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।