২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তে তাইন্দং যাচ্ছে সংসদীয় কমিটি

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার এক মাস পর তদন্ত করতে সেখানে যাচ্ছে সংসদীয় উপ কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 11:19 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই উপ-কমিটি বুধবার খাগড়াছড়ি যাচ্ছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৫ অগাস্ট সংসদীয় কমিটির বৈঠকে তাইন্দংয়ের ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য তিন সদস্যের এই উপ কমিটি করা হয়।

এবিএম ফজলে করিম চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও যতীন্দ্র লাল ত্রিপুরা।

গত ৩ অগাস্ট তাইন্দংয়ের ক্রসিং এলাকায় কামাল নামে এক এক বাঙালি মোটরসাইকেল চালক অপহরণের খবর ছড়িয়ে পড়লে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ওই হামলায় ৩৫টি বাড়ি ও একটি বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় আরো প্রায় তিন শতাধিক বাড়িতে। লুটপাট করা হয় মূল্যবান সামগ্রী ও টাকা।

আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ৯০০ পরিবার ঘড়ছাড়া হয়ে পড়ে। প্রায় ৪০০ পরিবার কাছের ভারতীয় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয়। সাড়ে তিনশ পরিবার চলে যায় পাশের পানছড়ি উপজেলায় আত্মীয়দের আশ্রয়ে। বাকিরা আশ্রয় নেন জঙ্গলে।

পরদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া পাহাড়িদের আশ্বাস দিলে তারা বাড়িতে ফিরে আসেন। নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার হওয়ায় অন্যরাও বাড়ি ফিরতে শুরু করেন।

ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পর জেলা পুলিশ সুপার শেখ মিজানুর রহমান বলেন, “সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই একটি চক্র বাঙালি মোটর সাইকেল চালক মো. কামালউদ্দীনকে অপহরণের নাটক সাজায়। এ ঘটনায় দায়ীদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।”

গত ২৫ অগাস্ট ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনের পর নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল জানায়, তাইন্দংয়ে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর ওই হামলার পেছনে ভূমি দখলের উদ্দেশ্যও কাজ করেছিল বলে তাদের মনে হয়েছে।

পুরনো খবর:

‘অপহরণ নাটকে’ পুড়লো তাইন্দং
‘তাইন্দংয়ে হামলায় ভূমি দখলও কারণ ছিল’