‘তাইন্দংয়ে হামলায় ভূমি দখলও কারণ ছিল’
খাগড়াছড়ির তাইন্দংয়ে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার পেছনে ভূমি দখলের উদ্দেশ্যও কাজ করেছিল বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।
হামলা বন্ধ করে পাহাড়ে বসবাস করা বিভিন্ন নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তারা।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে নাগরিক সমাজ।
গত ৩ অগাস্ট মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের ক্রসিং এলাকায় কামাল নামে এক বাঙালিকে অপহরণের গুজব ছড়িয়ে পড়ার ঘণ্টা-দুয়েকের মধ্যে একদল বাঙালি সংঘবদ্ধ হয়ে কয়েকটি গ্রামে হামলা চালায়।
ওই হামলায় ৩৫টি বাড়ি ও একটি বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় আরো প্রায় তিন শতাধিক বাড়ি। লুটপাট করা হয় মূল্যবান সামগ্রী ও টাকা।
আকস্মিক আক্রমণে দিশেহারা চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ৯০০ পরিবার ঘড়ছাড়া হয়ে পড়ে। প্রায় ৪০০ পরিবার কাছের ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়। সাড়ে তিনশ পরিবার চলে যায় পাশের পানছড়ি উপজেলায় আত্মীয়দের আশ্রয়ে। বাকিরা আশ্রয় নেয় জঙ্গলে।
পরদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া পাহাড়িদের আশ্বাস দিলে তারা বাড়িতে ফিরে আসেন। নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার হওয়ায় অন্যরাও বাড়ি ফিরতে শুরু করেন।
ফাইল ফটো
সরেজমিন ঘুরে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী বলেন, “আমাদের পযবেক্ষণ বলছে, কথিত চাঁদাবাজি বা অপহরণ নাটক নয়, পাহাড়ি আদিবাসীদের ভূমি দখল করাই ছিল হামলার মূল লক্ষ্য।”
পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হোক।
প্রতিনিধি দলে থাকা ইনস্টিটিউট অব ইনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান বলেন, “পাহাড়ে একটি গোষ্ঠী ভূমি দখল করা চেষ্টা করছে এবং আরেকটি গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। এখানে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়।”
পাহাড়ের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নুমান আহমেদ বলেন, বহুমাত্রিক, বহুজাতির ও বহু ধর্মের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “প্রতিটি নাগরিকের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের হলেও গত ৪২ বছরে সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ রাষ্ট্র।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিদশর্ন দলের সদস্য সচিব রাজীব মীর।
