মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাভোগ করতে হবে।
মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মতিয়ার রহমান।
দণ্ডিত মো. জসিমউদ্দিন বরিশাল সদর উপজেলার লাহারহাটের নরকাঠী গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, ২০০৬ সালে বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের এলিজা বেগমের সঙ্গে পারিবারিকভাবে জসিমউদ্দিনের বিয়ে হয়।
এরপর থেকেই জসিমউদ্দিন যৌতুকের জন্য এলিজা বেগমকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়। এ ঘটনায় এলিজা দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন বাবার বাড়িতে বসবাস শুরু করেন।
পরে পারিবারিক সমঝোতায় লিখিত চুক্তির মাধ্যমে সন্তানদের নিয়ে স্বামীর বাড়ি ফিরে আসেন তিনি।
২০০৯ সালের ১১ নভেম্বর ১৪ মাস বয়সী মেয়ে তামান্নাকে ঘরে রেখে পুকুরে গোসল করতে যান এলিজা। এ সময় স্বামী জসিম ঘরেই ছিলেন।
ফিরে এসে তামান্নার নাক থেকে রক্ত ঝড়তে দেখতে পান এলিজা। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
এ ঘটনায় ওইদিনই (১১ নভেম্বর) কোতোয়ালি থানায় স্বামী জসিমউদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এলিজা।
