মাদারীপুরে দুভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড
হত্যা মামলায় আপন দুভাইসহ তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ বিমলচন্দ্র সিকদার এ রায় দেন। রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়।
দণ্ডিতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের নজরুল চৌকিদার (২৫), তার ভাই দিদার চৌকিদার (৩৮) এবং প্রতিবেশী মান্নান চৌকিদার (২৮)।
নজরুল ও দিদার নিহত হাফিজুর রহমানের চাচাত ভাই বলে মামলার নথি থেকে জানা যায়।
মাদারীপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সুজিত চ্যাটার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের ৯ অক্টোবর শিকারকান্দি গ্রামের জয়নাল চৌকিদারের ছেলে হাফিজুর রহমান (২৫) নিখোঁজ হন।
পরদিন বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে আড়িয়াল খাঁ নদীর চরে তার হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
মামলার বরাত দিয়ে পিপি সুজিত চ্যাটার্জি জানান, এলাকার একটি চুরির ঘটনায় এ তিন দণ্ডিতের বিরুদ্ধে হাফিজ সাক্ষ্য দিয়েছিলেন। এরপরই তাকে অপহরণ এবং হত্যা করে এরা।
ওই বছরের ১২ অক্টোবর কালকিনি থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়। তিন দণ্ডিতের মধ্যে নজরুল চৌকিদার পলাতক রয়েছেন বলে জানান এই সরকারি কৌঁসুলি।
