শেষ হলো যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের সম্মেলন
যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে।
সোমবার ফ্লোরিডার মায়ামি সিটিতে উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া ২৭তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের তিনদিনব্যাপী অনুষ্ঠানে দেশদুটির বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন।
কনভেনশে নজরুল সাহিত্যকে আন্তর্জাতিকীকরণ, দেশ প্রবাস কম্যুনিটির উন্নয়নে মিডিয়ার ভূমিকা, বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনারও অনুষ্ঠিত হয়।
আগামী বছরের সম্মেলন হবে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটিতে এবং ২০১৫ সালের সম্মেলন হবে নিউইয়র্কে।
সমাপনী অনুষ্ঠানে সামনের আগামী সম্মেলনের হোস্ট কমিটির কাছে এনএবিসির পতাকা হস্তান্তর করেন সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ জামান।
এবারের কনভেনশনে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করেন নগরবাউল জেমস, কনকচাঁপা, আরেফিন রুমী, কণা, ডলি সায়ন্তনী ও লীনা তাপসী।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের শাইখ সিরাজ, মতিউর রহমান চৌধুরী, নজরুল গীতির গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা লিনা তাপসী, সেবামূলক প্রতিষ্ঠান পিপুল এন টেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ, এনএবিসির কর্মকর্তা আবু লিয়াকত হোসেন, ঠিকানা পত্রিকার ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর হুসেন ও আগামী বছরের সম্মেলনের হোস্ট কমিটির প্রধান কাজী মতিউর রহমান।
