সিলেটে ৪ বিদ্যুৎ কেন্দ্র ৪ ঘণ্টা বন্ধ
গ্যাস সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সিলেটে ২৩০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সোমবার চার ঘণ্টা বন্ধ ছিল।
সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর কুমারগাঁওয়ে অবস্থিত ১৫০, ২০, ১০ ও ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র চারটি বন্ধ হয়ে যায়।
গ্যাস পাওয়া পর রাত সাড়ে ১০টার মধ্যে চারটি কেন্দ্রই সচল হয় বলে পিডিবির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী রনপ্রসাদ রায় জানিয়েছেন।
বিদ্যুৎ কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে সংযুক্ত জালালাবাদ গ্যাস ফিল্ডের সংযোগ বাল্ব লিকেজ হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়।
জালালাবাদ গ্যাস ফিল্ডের সমস্যা সম্পর্কে শেভরনের জনসংযোগ কর্মকর্তা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে।
