বাঁশখালী উপকূলে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এই দাবি জানায় পশ্চিম বাঁশখালী স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ সংগ্রাম পরিষদ।
মানববন্ধন শেষে এই দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে পরিষদের আহ্বায়ক নেজাম উদ্দীন বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাঁশখালীর বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ মারা যায়। তখন জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির তড়িঘড়ি একটি অস্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। পরে স্থায়ীভাবে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি।
তিনি বলেন, বেড়ি বাঁধে ভাঙ্গনের কারণে প্রতিবছর বর্ষায় বাঁশখালী উপজেলার রায়ছটা, প্রেমাশিয়া, ডোংরা, কদমরসুল, খানখানাবাদ, বাহারচড়া, সরল, গণ্ডমারা, শেখেরখীল ও ছনুয়াসহ বেশ কটি গ্রামে জোয়ারের সময় লোনা পানি ঢুকে কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয়।
ভবিষ্যতে বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া থেকে ছনুয়া পর্যন্ত স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
