পাবনায় পিটুনিতে ‘চরমপন্থি’ নিহত
পাবনার ফরিদপুর উপজেলায় চরমপন্থি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
সোমবার দুপুর ১২টার দিকে ধানুয়াঘাটা বাজারে নিহত কাজেম উদ্দিন (২৩) উপজেলার দুবলাপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
কাজেম উদ্দিন ‘বাহিনী’ নামের একটি চরমপন্থি সংগঠনের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর থানার ওসি এস এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে বাহিনীর কয়েকজন সদস্য হাদল গ্রামের একটি বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় তারা চিৎকার দিয়ে লোকজন জড়ো করে।
কয়েকজন পালিয়ে গেলেও এলাকাবাসী কাজেমকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তার বিরুদ্ধে জেলার কয়েকটি থানায় মামলা ও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
