বৌদ্ধবিহারে তাণ্ডব: আরো ৪ মামলায় অভিযোগপত্র
কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধবিহারে হামলার ঘটনায় দায়ের করা আরো চারটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক মিজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দাখিল করা এই চার অভিযোগপত্রে ২৭২ জনকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার ৯২ জনের বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগপত্র দেয়া হয় বলে জানান তিনি।
মিজবাহ উদ্দিন বলেন, সোমবার দাখিল করা মামলাগুলোর মধ্যে দুটি টেকনাফ থানার এবং দুটি কক্সবাজার সদর থানার।
এই চার মামলার ২৭২ জন আসামির মধ্যে ১৬১ জন কারাগারে আছেন।
এছাড়া রোববার অভিযোগপত্র দেয়া তিন মামলার মধ্যে রয়েছে রামু থানার একটি এবং উখিয়া থানার দুটি মামলা। এ তিন মামলায় গ্রেপ্তার ৩২ জন কারাগারে আছেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেইসবুকে একটি ছবিকে কেন্দ্র করে রামু উপজেলায় বৌদ্ধপল্লী ও বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরদিন (৩০ সেপ্টেম্বর) হামলা হয় টেকনাফ ও উখিয়া উপজেলায়।
এসব ঘটনায় রামু ও উখিয়ার ১৯টি বৌদ্ধ বিহার ক্ষতিগ্রস্ত হয়। দায়ের করা হয় ১৯টি মামলা।
এসব বৌদ্ধ বিহার ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিহার উদ্বোধন করতে মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন।
