২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা: রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ

পিলখানা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রাজধানীর বকশীবাজার এলাকায় সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা এ মমালার কার্যক্রম চলছে।

সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পর তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন এ মামলার আসামি বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবীরা।

প্রথমে খন্দকার মাহাবুব হোসেন তদন্ত কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে তাকে জেরা করেন অপর দুই আইনজীবী মো. শাজাহান ও আমিনুল ইসলাম।

ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং সাবেক এটর্নি জেনারেল মোহাম্দ আলীও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলামকে জেরার সময় মওদুদ আহমেদের কাছ থেকে পরামর্শ  নিতে দেখা যায়।

আমিনুল ইসলাম বলেন, এই মামলার সরকার পক্ষের দুই সাক্ষী ফয়সল ও ইসরাফিলের বাসার যে ঠিকানা দেয়া হয়েছে তা আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়ি।

জবাবে কাহার আকন্দ বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

আসামির আইনজীবী বলেন, ফয়সলের বিরুদ্ধে মোট ১৩টি ফৌজদারী মামলা রয়েছে যার মধ্যে পাঁচটিতে হাজি সেলিমও আসামি।

এ ব্যাপারে কাহার আকন্দ বলেন, ফয়সলের বিরুদ্ধে মামলা আছে কি না- সে তদন্ত তিনি করেননি। 

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।

পিলখানা বিদ্রোহের পর প্রথমে লালবাগ থানায় মামলা হলেও পরে তা নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।

লালবাগ থানার তৎকালীন ওসি নবজ্যোতি খীসা এই মামলার বাদি। ২০১১ সালের ২৪ অগাস্ট তার জবানবন্দি এবং জেরার মধ্যে দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং তদন্ত কর্মকর্তা কাহার আকন্দকে জেরার মধ্যে দিয়ে ২১৫ কার্য দিবসে ৬৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এরপর ৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।

কাহহার আকন্দকে ৪৭ দিন ধরে জেরা করা হয়। তাকে জেরা শুরু হয় চলতি বছরের ২২ অগাস্ট।

তিনি সেদিন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার ৬২ স্থানে হত্যা, নির্যাতন, লুণ্ঠন চালিয়েছিল বিদ্রোহী জওয়ানরা।

এসব স্থানে সেনা কর্মকর্তাদের হত্যা, গণকবর, লাশ গুম, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটানো হয় বলেও বিচারক জহুরুল হককে জানান কাহহার আকন্দ। 

হত্যা-লুণ্ঠনের এ মামলায় মোট আসামির সংখ্যা ৮৫০ জন। এর মধ্যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। বিশাল এ সংখ্যার আসামিদের একত্রে বিচারের জন্যই আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে বসানো হয়েছে অস্থায়ী এ আদালত।

সোমবারের জেরা শেষ হওয়ার পর আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বলেন, “আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে এ আসামিরাই ষড়যন্ত্রের মাধ্যমে পিলাখানায় লুটপাট এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

পিন্টুর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পিন্টুকে এ মামলায় জড়ানো হয়েছে। 

“সরকার ইচ্ছা করলে পিলখানায় অ্যাকশনে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারত, তাতে এতো হতাহতেরর ঘটনা ঘটতো না। সরকার কেন সেনাবাহিনীকে ব্যবহার করেনি তা রহস্যজনক।”

কাহহার আকন্দকে জেরা শেষ হওয়ার পর আদালত কিছুক্ষণের জন্য মুলতবি করা হয়। পরে আদালত বসলে পিলখানা থেকে আলামত হিসাবে উদ্ধার করা সোনা এবং টাকা উপস্থাপন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা এসব আলামত এ মামলার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আদালতকে জানান।

পরে সরকারপক্ষের প্রধান প্রসিকিউটর আনিসুল হক এবং আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম দীর্ঘ বক্তব্য রাখেন। তারা দুজনেই বলেন, বিচারকসহ সবার সহযোগিতা ছাড়া মামলা এ পর্যন্ত আনা সম্ভব হতো না।

পরে বিচারক জহুরুল হক বলেন, তিনি সবার সহযোগিতায় এ পর্যন্ত এসেছেন। তবে ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় উপাত্ত আইনজীবীদেরকেই সরবরাহ করতে হবে।

এরপর নিয়ম অনুযায়ী আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করা হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শুনিয়ে তাদের কাছে জানতে চাওয়া হবে- তারা দোষী না নির্দেষ। কেউ কোনো সাফাই সাক্ষীর কথা বললে আদালত তার বক্তব্য শুনবে এবং রাষ্ট্রপক্ষ সাক্ষীকে জেরা করার সুযোগ পাবে।  

পিলখানায় রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়েছে। এ বাহিনীর নাম বদলে করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।