নৌবাহিনীর বহরে খুলনা শিপ ইয়ার্ডের যুদ্ধজাহাজ
নৌবাহিনীর জন্য দুটি এলসিইউ (ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি) যুদ্ধজাহাজ ও দুটি ইনল্যান্ড কন্টেইনার ভেসেল নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড।
রোববার জাহাজ চারটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এবং খুলনা শিপইয়ার্ডের চেয়ারম্যান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
খুলনা শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলসিইউ জাহাজ যুদ্ধকালীন সময়ে ট্যাংক, ভারী সামরিক সরঞ্জাম ও রসদ স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ১৩৭ ফুট দৈর্ঘ্য ও ৩৩ ফুটের প্রস্থের এই ল্যান্ডিং ক্রাফট জাহাজে দুইটি করে মেশিনগান ও বিভিন্ন সামরিক সরঞ্জামসহ ৪১৫ টন পণ্য পরিবহন করা সম্ভব।
পাশাপাশি এই জাহাজ দুর্যোগকালীন সময়ে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজেও নিতে পরে।
ঘন্টায় ১৮ কিলোমিটার গতিসম্পন্ন এসব নৌযানে ৬০০ অশ্ব শক্তির দুইটি মূল ইঞ্জিন ও ৫০ কিলোওয়াটের দুইটি জেনারেটর রয়েছে।
অপরদিকে ৪৫ ফুট প্রস্থ ও ১৩ ফুট গভীরতার কন্টেইনার জাহাজে একসাথে ২০ ফুট দৈর্ঘের ১৪০টি করে কন্টেইনার পরিবহন করা সম্ভব।
এর আগে খুলনা শিপইয়ার্ড প্রথম প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীর জন্য ৫টি যুদ্ধজাহাজ নির্মাণ করে। এর মর্ধ্যে দুটি ইতোমধ্যে নৌবাহিনী কমিশন করেছে।
এ বছরের মধ্যেই বাকি তিনটি যুদ্ধজাহাজও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়।
