২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার প্রতি শ্রদ্ধা জানালো চট্টগ্রাম বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা  রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত জিয়ার প্রথম কবরে ও নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ আমীর খসরু মাহমুদ বলেন, মাটি, মানুষ ও দেশের উন্নয়নে রাজনীতি করে বিএনপি। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপি গঠন করেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষ কখনো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে অংশ নেবে না। বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানবাধিকার লঙ্ঘন করে, দলীয়করণ করে, আধুনিক বাকশাল কায়েম করে, শোষণ নির্যাতন করে নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

“দেশের জনগণ সেই স্বপ্ন সফল হতে দেবে না। আওয়ামী লীগের দুর্নীতি-দুঃশাসনের জবাব জনগণ ঠিকমতো দেবে।”

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা ও এম এ আজিজ।

বিকালে নাসিমন ভবনের কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, এস এম ফজলুল হক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাজী আব্দুল্লাহ আল হাসান, জসিম উদ্দিন সিকদার ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত।

এছাড়া বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।