শেষ হচ্ছে সুলতান উৎসব
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নড়াইলে সুলতান উৎসব শেষ হচ্ছে।
রোববার রাতে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।
চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩০ অগাস্ট থেকে ৩ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
এস এম সুলতান শিশু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে শেষ দিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন বেঙ্গল গ্যালারি ও ফাইন আর্টস-এর পরিচালক সুবির চৌধুরী, অধ্যাপক অশোক শীল প্রমুখ।
সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে মোবাইল ফোন অপারেট বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে।
উৎসবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৌকা বাইচ, আর্ট ক্যাম্প এবং চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
উৎসব চলাকালীন প্রতিদিন বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশবরেণ্য ব্যক্তিবর্গ এসব আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা মেলার মাঠে তাদের পসরা নিয়ে বসেছেন।
