মিঠাপুকুরে কলেজছাত্র খুন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে গোপালপুর ইউনিয়নের শালটি গোপালপুর শালবাগানে মঈনুল হকের (২৬) লাশ পাওয়া যায়।
মঈনুল তারাগঞ্জ উপজেলার কবলাপাড়া ডাঙ্গীরপাড়ের প্রয়াত মনসুর আলীর ছেলে।
তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের (সম্মান) ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে এক কৃষক ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান।
মৃতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, মঈনুলের প্যান্টের পকেটে মানিব্যাগে বেশকিছু কাগজ পাওয়া যায়। সেখানে তার কলেজ ও বাড়ির ঠিকানা পাওয়া গেছে।
দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ শালবাগানের ঝোপে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে, বলেন ওসি।
