২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. সুরমান আলীর জামিনের মেয়াদ বেড়েছে

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুঁই রেখে দেয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক সুরমান আলীর জামিনের মেয়াদ আবার বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সোলায়মান ওই চিকিৎসকের আবেদনে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন এই মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে।

গত বছরের ৩০ মে  চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুঁই রেখে সেলাই দেয়ার ঘটনায় এ বছরের ২৮ জানুয়ারি ডা. সুরমান আলী ও জাকির হোসেন নামে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রের মা দেলোয়ারা বেগম।

এ ঘটনায় এ বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এরপর গত ৩ জুন অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন  ডা. সুরমান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

গত ৬ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবর রহমান এক কোটি টাকার মুচলেকায় ১০ জুন পর্যন্ত সুরমান আলীকে জামিন দেন।

পরে ১১ জুন মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া মামলার পরবর্তী শুনানির দিন ১৭ জুন পর্যন্ত  জামিনের মেয়াদ বাড়িয়েছিলেন। পরবর্তীতে আরও একদফা তার জামিনের মেয়াদ বাড়ায় আদালত।