২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্যাটেলাইট দর্শকদের মানববন্ধন

সিলেট ক্যাবল সিস্টেম (এসিএস) কর্তৃপক্ষের স্যাটেলাইট ডিজিটাল সেট বক্স চালুর প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রাহকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্যাটেলাইট দর্শক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ওয়ারেন্টিবিহীন ডিজিটাল বক্স দর্শকদেরকে নেয়ার জন্য বাধ্য করা এক ধরনের প্রতারণা এবং এ ধরনের দৃষ্টান্ত বাংলাদেশের কোথাও নেই।

বক্তারা ডিজিটাল বক্স গ্রহণ অথবা অ্যানালগ সিস্টেম গ্রহণের বিষয়টি দর্শকদের এখতিয়ারভুক্ত রাখার আহবান জানান।

এছাড়া জনপ্রিয় বন্ধ চ্যানেলগুলো অবিলম্বে চালুর দাবি জানান তারা।

আগামী তিন দিনের মধ্যে এসসিএস কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে স্যাটেলাইট দর্শক ফোরাম আরো কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।

স্যাটেলাইট দর্শক ফোরাম সিলেটের আহবায়ক খালেদ আল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাশরুর রাসেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সমন্বয়ক ফারুক মাহমুদ চৌধুরী।

আরো বক্তব্য দেন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য সালেহ আহমদ খসরু, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সহসভাপতি হাজী আলী আকবর, শাহজাহান সেলিম বুলবুল, আনোয়ার হোসেন, শেখ তোফায়েল আহমদ সেপুল, শামীমা নাসরিন, সুমন আহমদ, শাহাব উদ্দিন আহমদ প্রমুখ।

সম্প্রতি সিলেট ক্যাবল সিস্টেম (এসিএস) কর্তৃপক্ষ অতিরিক্ত দামের সেটবক্স চাপিয়ে দিতে সিলেটে বেশ কয়েকটি বিনোদনমূলক ও স্পোর্টস চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।