চাঁদপুরে যুবককে হত্যা করে মটর সাইকেল ছিনতাই
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক যুবককে হত্যা করে তার মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশী দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিকারীকান্দি-মিঠুরকান্দি বিলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত লিটন সরকার (৩৫) ছেংগারচর পৌর এলাকার চাঁন মিয়ার ছেলে।
দুই সন্তানের জনক লিটন মটরসাইকেলে করে যাত্রী আনা-নেয়া করতেন।
মতলব উত্তর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, রাত ৮টায় ছেংগারচর মটর সাইকেল স্ট্যান্ড থেকে লিটন দুই যুবককে নিয়ে দুশ’ টাকা ভাড়ায় শ্রীরায়েরচর এলাকায় রওনা হয়।
“পথে অজ্ঞাত পরিচয়ের ওই দুই যুবক লিটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।”
নিহতের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে বলে জানান তিনি।
মৃতদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান এসআই মিজানুর।
