চট্টগ্রামে খুনের ঘটনায় ভাড়াটিয়া গ্রেপ্তার
নিজ ঘরে এক বৃদ্ধাকে খুনের ঘটনায় সন্দেহভাজন নারীকে গ্রেপ্তার করে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ারা বেগম (৪৫) নিহতের বাড়ির ভাড়াটিয়া। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনে হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
গত ২৫ অগাস্ট রাতে বাকলিয়া থানাধীন সোবাহন সড়ক এলাকার নিজবাসা থেকে লায়লা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার মনোয়ারা নিহতের বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
তিনি বলেন, শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের হেফাজতে আনার আবেদন জানানো হয়। বিচারিক হাকিম আহমেদ সাঈদ তাকে পাঁচদিনের হেফাজতে নেয়ার অনুমতি দেন।
এ ঘটনার পরদিন সোমবার সকালে নিহতের স্বামী আনোয়ারুল আলম চৌধুরী বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
