নড়াইলে সুলতান উৎসব শুরু
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে শুক্রবার। শেষ হবে রোববার।
সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এস এম সুলতান উৎসবের উদ্বোধন করেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, অধ্যাপক অশোক কুমার শীল প্রমুখ।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, উৎসবের অংশ হিসেবে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ ছাড়া উৎসব চলাকালীন প্রতিদিন বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ এসব আলোচনা সভায় অংশ নেবেন।
প্রতিবছরের মতো এবারো যথারীতি কলেজ প্রাঙ্গণে বসেছে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা ইতোমধ্যে মেলায় পসরা সাজিয়ে বসেছেন।
পবিত্র ঈদুল ফিতরের কারণে এ বছর উৎসবের তারিখ কয়েকদিন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানান শেখ হানিফ।
১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান।
তার বাবা মো. মেছের আলি, মাতা মোছা. মাজু বিবি। বাবা-মা আদর করে নাম রেখেছিলেন লাল মিয়া।
পাট কাটা, ধানকাটা, ধান ঝাড়া, জলকে চলা, চর দখল, গ্রামের খাল, মৎস শিকার, গ্রামের দুপুর, নদী পারা পার, ধান মাড়াই, জমি কর্ষনে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, ধান ভানা, গুন টানা, ফসল কাটার ক্ষণে, শরতের গ্রামীণ জীবন, শাপলা তোলা প্রভৃতি তার বিখ্যাত ছবি।
১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালি, কনেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়।
মহান এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।
