২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলা: মাগুরায় ৯ জামায়াতকর্মী আটক

মাগুরার শালিখা উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে নয় জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 06:48 PM

আটককৃতরা হলেন- ছয়ঘরিয়া গ্রমের সুজা (৭০), পান্নু (৩০), রেজা (২৫), রিপন (১৮), রাজু (২৩) এবং শতখালি গ্রামের ওমর আলী (৪৫), আমির আলী (৪৫), নূর ইমলাম (৫০) ও আমিনুর (২৫)।

শালিখা থানার এসআই মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচেছ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মোফাজ্জেল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছান্দড়া গ্রামের একটি মসজিদে অভিযান চালানোর সময় জামায়াত-শিবির কর্মীদের হামলায় ৭ পুলিশ সদস্যসহ অন্তত ১৭ জন আহত হন।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, মসজিদে জামাত-শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ মসজিদ ঘিরে ফেললে জামাত-শিবির কর্মীরা লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে শালিখা থানার এসআই ইকবাল, এসআই সালাম, এসআই আশরাফুল, এসআই ইদ্রিস, কনস্টেবল আবদুর রব, মনির  ও গাড়ি চালক আতাউল জখম হন।

এক পর্যায়ে জামায়াত কর্মীরা পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ ও কিছু বই উদ্ধার করা হয়।

জামায়াতকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে ছান্দড়া মসজিদে জড়ো হয়েছিল বলে পুলিশের ধারণা।