স্লিপার তুলে রেল শ্রমিকদের বিক্ষোভ
রেলওয়ে পুলিশের (জিআরপি) হাতে শ্রমিক নির্যাতনের ঘটনায় রাজশাহীতে রেল লাইনের স্লিপার তুলে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরে রেলওয়ের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় রেল পুলিশের হাতে লাঞ্ছিত হন পশ্চিমাঞ্চল রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী শরীফ সালাহ উদ্দিন।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তর থেকে কিছু কাঠ ও পিন ট্রেনে করে চারঘাটের সারদা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য স্টেশনের প্লাটফর্মে অপেক্ষা করছিল ৪/৫ জন শ্রমিক।
প্লাটফর্মে মালামাল রাখা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেবের নেতৃত্বে পুলিশ শ্রমিক (খালাসি) সুমন আলীকে (২৫) ধরে মারপিট করে। এ সময় পুলিশ আরো দুই শ্রমিককে আটক করে জিআরপি থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন ওই শ্রমিক নেতা।
পরে সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
মনোয়ার হোসেন মনু আরো বলেন, এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা রেলের সার্ভিস সেন্টারের সামনে লাইনের স্লিপার তুলে ফেলে বিক্ষোভ শুরু করে।
“এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে জিআরপি পুলিশের হাতে লাঞ্ছিত হন রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী শরীফ সালাহ উদ্দিন। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।”
তবে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা ও কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে প্রকৌশলী লাঞ্ছিত করার অভিযোগ নাকচ করে জিআরপি থানার ওসি আলমগীর হোসেন বলেন, “কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ দুজনকে শুধু ধাক্কা দিয়েছে। এর বাইরে তেমন কিছু হয়নি।”
কিন্তু এ ঘটনার জের ধরে তারা লাইন তুলে ফেলে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় বলে ওসি জানান।
