২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাটক বলা আদালত অবমাননার শামিল’

বিএনপির সমালোচনার জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, পাচার হওয়া অর্থ ‘আইনি প্র্রক্রিয়ায়’ ফেরত আনার ঘটনাকে ‘নাটক’ বলা আদালত অবমাননার শামিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় দুই দেশের আদালতের রায়ের ভিত্তিতে কোকোর টাকা দেশে ফেরত এসেছে। এই টাকা ফেরত আনাকে নাটক বলা আদালত অবমাননার শামিল।”

দুর্নীতি দমন কমিশন মনে করলে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গত মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে দুদক আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ‘পাচার করা’ অর্থের দ্বিতীয় কিস্তি কয়েকদিন আগে দেশে এসেছে। ওই অনুষ্ঠানেই ৯ লাখ ৫৬ হাজার ৩৮৭ দশমিক ৪ ডলারের একটি প্রতীকী চেক তিনি দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে হস্তান্তর করেন। 

প্রতীকী ওই চেকটি ছিল ওভারসিজ ব্যাংকের, যা দুদকের ‘স্টোলেন অ্যাসেট রিকভারি অ্যাকাউন্টে’র বিপরীতে ইস্যু করা হয়।

পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিক সঙ্কট থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দিতেই সরকার ‘কোকোর পাচার করা অর্থ’ ফিরিয়ে আনার নামে নাটক সাজিয়েছে।

জিয়া পরিবার ও কোকোকে হেয় প্রতিপন্ন করতেই অর্থ পাচারের ‘মামলা সাজিয়ে’ তার অনুপস্থিতিতে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও দাবি করেন ফখরুল।

অর্থ পাচারের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত  কোকো পাঁচ বছর ধরে বিদেশে রয়েছেন।

ফখরুলের এ বক্তব্য তোষামোদীর পরিচয় দেয় মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার বলেন, “এভাবে নাটক বলে চরমভাবে পারিবারিক তোষামোদের কাজ করেছেন। এটা দেশপ্রেমিকের কাজ নয়।”

তিনি বলেন, অর্থ ফেরত আনা একটি জটিল প্রক্রিয়া। প্রথমে দেখতে হয়, ওই টাকা অবৈধ পন্থায় অর্জিত কি-না। অবৈধ পন্থায় হলে তথ্য প্রমাণ নিয়ে মামলা করতে হবে। আদালত ওই সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিলে ওই আদেশ বিদেশের আদালতে পাঠাতে হয়। ওই দেশের আদালত মনে করলে তারা ওই টাকা ফেরত দেয়ার আদেশ দিতে পারে।

“এভাবেই এই টাকা এসেছে”, বলেন তিনি।

‘কোকোর পাচার করা টাকা’ ফিরিয়ে আনার দীর্ঘ আইনি প্রক্রিয়া নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, দুর্নীতিবিরোধী জাতিসংঘ সনদে (ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট করাপশন) স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। ওই সনদের অধীনে আগের অ্যাটর্নি জেনারেল ২০০৮ সালের ৪ এপ্রিল কোকোর অবৈধ লেনদেনের তথ্য পাওয়ার জন্য সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেন।

এর প্রেক্ষিতে সিঙ্গাপুর সরকার কোকোর দুটি কোম্পানির সন্ধান পায়। জেডএএসজেড ট্রেডিং ও ফেয়ারহিল কনসালটিং লিমিটেড নামের ওই দুই কোম্পানির দুটি ব্যাংক হিসাব পাওয়া যায়। সিঙ্গাপুরের ওভারসিজ ব্যাংকে এ দুই কোম্পানির অবৈধ লেনদেনের সন্ধানও পায় সিঙ্গাপুর সরকার।

মাহবুবে আলম বলেন, সিঙ্গাপুর সরকারের তথ্য-প্রমাণের ভিত্তিতে বাংলাদেশের বিশেষ জজ আদালতে মুদ্রাপাচারের (মানি লন্ডারিং) মামলা হয়। মামলায় হাজির হতে কোকোকে নোটিস দেয়া হলেও তিনি অনুপস্থিত থাকেন।

মামলায় দুদকের দাখিল করা প্রমাণা ও সাক্ষ্যের ভিত্তিতে কোকো ও তার সহযোগী ইসমাইল হোসেন সাইমনকে ছয় বছর কারাদণ্ড এবং ৩৯ কোটি টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকের জমা করা টাকা জব্দ করে দেশে ফেরত আনার আদেশ হয়।

ওই রায়ের ভিত্তিতে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ২০১২ সালের ২২ নভেম্বর জেডএএসজেড ট্রেডিংয়ের নামে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ১৩১ টাকা দুদকে ফেরত আসে। পরে ঘুষ প্রদানকারী দুই ব্যক্তির ব্যাংক হিসাবে থাকা ১৫ লাখ ৪৮ হাজার টাকাও ফেরত আসে। সর্বশেষ ফেয়ারহিল কনসাল্টিং লিমিটেডের নামে রাখা সাত কোটি ৪০ লাখ ২৪ হাজার ৩৮৫ টাকাও পেয়েছে বাংলাদেশ।

কোকো পাসপোর্টের অনুলিপি জমা দিয়ে ওই দুটি ব্যাংকে হিসাব খুলেছিলেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “দুর্নীতির মাধ্যমে অর্জিত কোকোর টাকা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। এই ফেরত আনার ঘটনাকে নাটক বলা শুধু অন্যায় নয়, বরং আদালত অবমাননা ও সীমাহীন মিথ্যাচার।”

তিনি বলেন, “একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বড় নয়, তার পক্ষে সাফাই গাওয়াও অন্যায়। এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে পাচার হওয়া অন্য ব্যক্তিদের টাকাও দেশে ফেরত আনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”

দুদক ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ‘ঝুঁকি নিয়ে’ এই টাকা ফেরত আনার কাজ করেছে মন্তব্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এজন্য তাদের ‘ধন্যবাদ বা উৎসাহ’ না দিয়ে ‘নাটক’ বলা ‘অনভিপ্রেত ও রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত’।

অন্যদের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অর্থ ফেরত আনা হাওয়া ভবনের লুটপাটের প্রমাণ: হাছান মাহমুদ
সরকার চেক হস্তান্তর নাটক সাজিয়েছে: ফখরুল