২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ ফেরত আনা হাওয়া ভবনের লুটপাটের প্রমাণ: হাছান মাহমুদ

পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আমলে হাওয়া ভবনের মাধ্যমে যে ‘লুটপাট’ হয়েছে, সিঙ্গাপুর থেকে আনা অর্থ তারই প্রমাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা ৭ লাখ ডলার আনার কথা দুর্নীতি দমন কমিশন জানানোর পরদিন বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এই অর্থ ফেরত আনাকে ‘নাটক’ আখ্যায়িত করে বিএনপির বক্তব্যের জবাব দিতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদ।

তিনি  বলেন, কোকোর পাচার করা অর্থ তিন দফায় সিঙ্গাপুর থেকে আনা হয়েছে।

গত ১৮ অগাস্ট সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে ৭ কোটি টাকা এসেছে। এর আগে ২০১২ সালের নভেম্বরে প্রথম দফায় ১৩ কোটি এবং এ বছরের জানুয়ারিতে প্রায় ১৫ লাখ টাকা ফেরত আসে।

সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অ্যার্টনি জেনারেল কোকোর নামে মিথ্যা বানোয়াট চেক বানিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে দিয়েছেন।”

এর জবাবে হাছান মাহমুদ বলেন, “তার কাছে প্রশ্ন- কেন আরাফাত রহমান সিঙ্গাপুর থেকে মালয়শিয়া গিয়ে শ্রমিক হিসেবে লুকিয়ে আছেন? বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান কিভাবে লন্ডনে বিএমডব্লিউ-মার্সিডিজের মতো গাড়ি চালিয়ে বিলাসবহুল জীবন-যাপন করেন?”

“বিএনপি-জামায়াত হাওয়া ভবন করে ২ লাখ কোটি টাকা লুট করেছেন। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, যখন তারেক রহমান হাওয়া ভবন পরিচালনা করতেন। তখন তারা পর পর পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন।”

হাছান মাহমুদ বলেন, “সিঙ্গাপুরের আদালতের নির্দেশে টাকা ফেরত আসছে। কানাডা, সিঙ্গাপুর ও আমেরিকার আদালতে তাদের দুর্নীতি ও অর্থপাচারের বিচার হয়েছে।”

মামলায় এফবিআইয়ের কর্মকর্তাদের বাংলাদেশে এসে সাক্ষ্য দেয়ার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “এসব দেশের সরকার, আদালত ও এফবিআই বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের কথায় চলে না।”

২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, “খালেদা জিয়ার অনুমতিক্রমে তারেক রহমানের নেতৃত্বে ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালানো হয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত এখন আবার জঙ্গিদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছে।”

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপিকে সংবিধানের মধ্যে থেকে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান পরিবেশমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামী লীগ নেতা বদিউল আলম তালুকদার, বেদারুল আলম চৌধুরী, কাজী মো. জসিম ও এমরুল করিম এরশাদ।

পুরনো খবর:

কোকোর পাচার করা আরো ৯ লাখ ডলার এসেছে
সরকার চেক হস্তান্তর নাটক সাজিয়েছে: ফখরুল