সিলেটে হরতালে গাড়ি ভাংচুর
সিলেটে বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে হরতালের সকালে গাড়ি ভাংচুর করেছে স্বোচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭টায় হরতালের সমর্থনে নগরীতে মিছিল বের করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি যুব পরিষদ।
সকাল ৯টার দিকে জিন্দাবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে সিটি সেন্টারের সামনে পিকেটিংয়ের চেষ্টা করতে দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, সকালে ধোপা দিঘির পাড়ে একটি ট্রাক ও দুটি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। শিবগঞ্জ এলাকা থেকে এক পিকেটারকে আটক করে পুলিশ।
এছাড়া শহরের কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
রোকন উদ্দিন বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।
হরতালে সকাল থেকে নগরীতে কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।
সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।
ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ গত ১৮ অগাস্ট জেলা ও মহানগরে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয়।
সিলেট জেলা বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে।
