২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় একুশে টিভির প্রকৌশলী নিহত

নিজের কার্যালয়ের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন একুশে টেলিভিশনের একজন প্রকৌশলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

নিহত কে এম আলিমুজ্জামান (৩৫) বেসরকারি টেলিভিশনটির মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ছিলেন।

বুধবার সন্ধ্যায় কারওয়ান বাজারে তিনি দুর্ঘটনায় পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. মোজাম্মেল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে বাসের জন্য কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ফার্মগেইটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।”

একুশে টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নুরুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিমুজ্জামান রাজধানীর কল্যাণপুরে থাকতেন।

আলিমুজ্জামানের তিন ও ছয় বছর বয়সী দুটি মেয়ে রয়েছে বলে একুশে টেলিভিশনের কর্মকর্তা জামাইল বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আলিমুজ্জামান ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের কে এম নুরুল আলমের ছেলে।