২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে তৈমুর সমর্থকদের হামলায় আহত ১০

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে নির্বাচনী কাজ করতে আহ্বান জানানোর পর জেলা সভাপতির বিক্ষুব্ধ সমর্থকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী স্কুল মাঠ সংলগ্ন জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকারের পৈতৃক বাড়িতে ঈদ পুর্নমিলনীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময় তারা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। একই আসন থেকে এর আগে নির্বাচন করেছিলেন তৈমুর আলম খন্দকার। কিন্তু এবার তিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

তৈমুর আলম খন্দকার তার বক্তব্যে পুরনো দ্বন্দ্ব ভুলে কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে দলের নেতাকর্মীদের কাজ করে আহ্বান জানালে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তারা ওই আসন থেকে তৈমুরকে বিএনপির প্রার্থী হিসাবে দেখার দাবি জানান। তৈমুর তা অস্বীকার করেন।

এরপরই তারা মঞ্চে হামলা ও চেয়ার ভাংচুর করে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ প্রায় ১০ জন আহত হয়।

এ সময় তারা রূপসী সিটি ওয়ের সামনের সড়ক অবরোধ করে রাখে।

জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় হাইকমান্ড তৈমুরকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

তৈমুর আলম খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি তাদেরকে বোঝালেও তারা মেনে না নিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে।

এ প্রসঙ্গে কাজী মনিরের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।