স্থায়ী পে-কমিশনের পরিকল্পনা চলছে: প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সরকারি কর্মচারীদের জন্য ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কখন পে-কমিশন হবে, কখন বেতন বাড়াবে- এভাবে না করে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যেন নিয়মিত বেতন বাড়ে সেজন্য স্থায়ী পে-কমিশন গঠনের চিন্তা করা হচ্ছে।
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বক্তব্যে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার এবং দ্বিতীয় শ্রেণির সব কর্মকর্তাদের ৫০ শতাংশ সিলেকশন গ্রেড না দিয়ে শতভাগ সিলেকশন গ্রেড দেয়ার বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
রেলওয়ের হাসপাতালকে ১৯৭৮ সালে সরকারি কর্মচারীদের হাসপাতালে রূপান্তর করা হয়। গত মেয়াদে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী হাসপাতালটিকে আধুনিকায়ন করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়েছে।
ঢাকার ফুলবাড়ীয়ায় এই হাসপাতালের উদ্বোধন করে ভবিষ্যতে এটিকে মেডিকেল কলেজে রূপান্তরে সরকারের পরিকল্পনার কথা জানান হাসিনা।
জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম হেফাজতের নামে রাজনীতি করতে তারা সব মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।
তাদের তাণ্ডবে সরকারি সম্পত্তির ক্ষতি এবং কোরআন শরিফ পোড়ানোর প্রসঙ্গও তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, হেফজতকারীরা সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য ৬৩টি বাসের ক্ষতি করেছে। এরমধ্যে ২৮টিতে আগুন দেয়া হয়। ১৬টি পুড়ে যায়, বাকি ১২টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় বিশদভাবে তুলে ধরেন।
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের কাজের সুফল পাবে এদেশের জনগণ। সকলে মিলেই এ দেশকে গড়ে তুলতে হবে।”
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে স্থাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
