২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষকদের ধর্মঘটের হুমকি

তিন দফা দাবি পূরণে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা, সহকারী শিক্ষকদের বেতনস্কেল আপডেট এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা দূর করার দাবিতে আন্দোলন করে আসছেন প্রাথমিকের শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বলছে, দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন।

সমিতির গণমাধ্যম সম্পাদক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই সরকারের দায়িত্ব গ্রহনের পর থেকেই এই তিন দফা দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের তরফ থেকে বারবার আশ্বাস সত্ত্বেও তা পূরণ হয়নি।”

তিনি জানান, আগামী ৩ সেপ্টেম্বরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। যদি ওই বৈঠকে সরকার দাবি না মানে, তাহলে কর্মসূচি অব্যাহত থাকবে।