সিলেটে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে নগরীর কুমারপাড়া এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার সমর্থকদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা জামানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে কমিউনিটি সেন্টারের চেয়ার ভাংচুর করে ছাত্রদলকর্মীরা। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কোতয়ালী থানার ওসি নাসির উদ্দিন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
