২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেট নগরীর তাঁতীপাড়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার বেলা আড়াইটার দিকে তাঁতীপাড়া ৫৩/১ নম্বর বাসার চারতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাজহারুল ইসলাম ওরফে সোহেল মিয়া (৩৫) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সংবাদপুরের বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান, সোহেল প্রায় ৪ বছর ধরে ওই বাসার মেসের একটি কক্ষে একা থাকতেন। ওখানে থেকে সোহেল বিদেশে লোক পাঠানোর ব্যবসা করতেন।

তিনি বলেন, দুপুরে তার পরিচিত একজন এসে দেখতে পান কক্ষের দরজা খোলা ও রক্তাক্ত লাশ পড়ে আছে।

পরে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সোহেলের মাথার উভয় পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান ওসি।

ওই মেসের আরেক কক্ষের বাসিন্দা মোসাদ্দিক আহমদ ও সুমন আহমদ জানান, গত রাতে সোহেলের এক আত্মীয় বাসায় আসেন। খাওয়া-দাওয়া করে রাতে তারা একসঙ্গে ঘুমাতে যান।