সুলতানের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি নড়াইলে
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠান শুরু হবে বলে জানায় এস এম সুলতান ফাউন্ডেশন।
কর্মসূচির মধ্যে রয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী।
এছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মাঠ প্রাঙ্গণে বসেছে মেলা।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হাওলাদার মো. রকিবুল বারী জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চিত্রানদীর নড়াইল ফেরিঘাট থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে রূপগঞ্জ বাধাঁঘাট এলাকায় গিয়ে শেষ হবে।
১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান।
তার বাবা মো. মেছের আলি, মাতা মোছা. মাজু বিবি। বাবা-মা আদর করে নাম রেখেছিলেন লাল মিয়া।
পাট কাটা, ধানকাটা, ধান ঝাড়া, জলকে চলা, চর দখল, গ্রামের খাল, মৎস শিকার, গ্রামের দুপুর, নদী পারা পার, ধান মাড়াই, জমি কর্ষনে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, ধান ভানা, গুন টানা, ফসল কাটার ক্ষনে, শরতের গ্রামীণ জীবন, শাপলা তোলা প্রভৃতি তার বিখ্যাত ছবি।
১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালনী বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালি, পলক্লী, কনেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়।
কালোত্তীর্ণ এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।
