বর্ণাঢ্য শোভাযাত্রায় জন্মাষ্টমী
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে শিশু ও নারীসহ কয়েকহাজার মানুষ।
বুধবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ এ শোভাযাত্রার আয়োজন করেছে।
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে জন্মগ্রহণ করেছিলেন। দুষ্টের দমন আর শিষ্টের রক্ষার জন্য তিনি পৃথিবীতে আসেন।
যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনটি পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা।
বুধবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশিষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।
অনুষ্ঠান শেষে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাটা পাহাড়, নন্দনকানন, বৌদ্ধ মন্দির সড়ক, চেরাগী পাহাড় মোড় হয়ে আবার আন্দরকিল্লা এসে শেষ হয়।
ট্রাক ও পিকআপে করে ভক্তরা এতে অংশ নিতে সমবেত হন। ফুলে ফুলে সজ্জিত ট্রাকে দেখা যায় কৃষ্ণ, রাধা, অর্জুনসহ বিভিন্ন দেবদেবীর বেশে শিশু কিশোরদের।
বিভিন্ন ধর্মীয় ও ভক্তিমূলক গানের তালে নেচে নেচে শোভাযাত্রায় অংশ নেন কয়েকহাজার মানুষ।
উদ্বোধন অনুষ্ঠানে মোশাররফ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা চিরদিন থাকবে।
“কিন্তু বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের ওপর যে নির্যাতন হচ্ছে তা আমরা চাই না,” বলেন তিনি।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “বাংলার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছি। বাধা বিপত্তি আসলেও তা অতিক্রম করেই ধর্মীয় অনুষ্ঠান পালন করব।”
চট্টগ্রামকে অসাম্প্রদায়িক নগরীতে পরিণত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
