২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহস্থালী কাজে গ্যাস পেল ভোলাবাসী

গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য ভোলায় গ্যাস সরবরাহের উদ্বোধন করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শহরের যুগিরঘোল এলাকায় জৈনপুরী পীর সাহেবের খানকায় আনুষ্ঠানিকভাবে বুধবার এ সংযোগের উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ তোফায়েল আহমেদ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।

দেড়যুগ আগে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। দীর্ঘদিন ধরে ভোলার মানুষ গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য গ্যাসের দাবি জানিয়ে আসছিল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে ভোট দেয়ায় ভোলার মানুষ ঘরে ঘরে গ্যাস পাচ্ছে।

তিনি আগামীতেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ভোলা পৌর এলাকায় বর্তমানে ২০ কিলোমিটার গ্যাস লাইন টানা আছে। প্রয়োজনে আরো ৫০ কিলোমিটার লাইন টানা হবে।

ভোলা শহরের প্রত্যেক ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।

বোরহানউদ্দিনে বিক্ষোভ, মানববন্ধন

এদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরেরে ক্ষেত্রর গ্যাস এ উপজেলায় না দিয়ে ভোলায় দেয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।  

পরে স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বোরহানউদ্দিন গিয়ে জনতার উদ্দেশে বলেন সেখানেও দ্রুত সংযোগ দেয়া হবে। তাদের আশ্বাসের পর জনতা শান্ত হয়।

১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাহবাজপুর গ্যাসক্ষেত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) দুইটি কূপ খনন করে।

২০০৮ সালে ভোলার ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহের মধ্য দিয়ে এ ক্ষেত্রের গ্যাসের ব্যবহার শুরু হয়।

২০১০ সালের ৩ জানুয়ারি ভোলা শহরে গৃহস্থালী কাজে গ্যাস সরবরাহের জন্য পৌর এলাকায় ২০ কিলোমিটার সরবরাহ লাইন বসানো হয়। গ্যাস সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠন করে তাদের দায়িত্ব দেয়া হয়।

লাইন বসানো শেষ হওয়ার পর সরকারি নিষেধাজ্ঞার কারণে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সম্প্রতি গ্যাসের নতুন সংযোগ প্রদানের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে আবার কার্যক্রম শুরু হয়।

গত রোববার (২৫ অগাস্ট) অগ্রণী ব্যাংক, ভোলা শাখার মাধ্যমে গ্যাস সংযোগের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে।