২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শহীদ খায়েরকে কাদামাখা গাড়িতে তুলে নেয় তারা’

বিজয়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আরেক শহীদসন্তান রাশিদুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 10:53 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ আবুল খায়েরের ছেলে রাশিদুল এই মামলায় প্রসিকিউশনের ১৮তম সাক্ষী।

মঙ্গলবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনূর ইসলামের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।

রাশিদুল ট্রাইব্যুনালকে জানান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে বাসার বারান্দা থেকে বাবাকে তুলে নিয়ে যেতে দেখেছেন তিনি। সে সময় তার বয়স ছিল ছয় বছর।

একটি বেসরকারি বিমা কোম্পানির প্রধান হিসাবরক্ষক রাশিদুল বলেন, ১৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে ডায়াবেটিস রোগী আবুল খায়ের হাঁটতে বের হন। রাস্তায় চার/পাঁচজন যুবক প্রশ্ন করে তার পরিচয় নিশ্চিত হয়ে তার গায়ের চাদর দিয়ে চোখ বেঁধে সঙ্গে গেটের বাইরে থাকা কাদামাখা একটি মিনিবাসে উঠিয়ে নেয় তারা।

ওই দিনই বারান্দায় দাঁড়িয়ে তিনি অধ্যাপক ফজলে মহীকেও তুলে নিয়ে যেতে দেখেছেন বলে জানান।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন আবুল খায়ের। তিনি সপরিবারে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ৩৫/বি নম্বর বাসায় থাকতেন।

তিনি আরো জানান, ১৯৭২ সালের ৪ জানুয়ারি ওই কাদামাখানো মিনিবাসের ড্রাইভার মফিজকে তাদের বাসায় ধরে আনা হয়।

মফিজের দেয়া তথ্য অনুযায়ী মিরপুর বধ্যভূমিতে গলিত-অর্ধগলিত অনেক লাশের ভেতর তার বাবার চাদর (যা দিয়ে তার চোখ বাঁধা ছিল) দেখতে পান মামা ও চাচাতো ভাই। তারই সূত্র ধরে আবুল খায়েরের বিকৃত লাশ সনাক্ত করেন তারা।

সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনি।

ওই দুজনের বিরুদ্ধে ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।