২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে উত্তরাধিকার নারীদের

উত্তরাধিকার আইনে পুরুষতন্ত্রের জয়জয়কারের মধ্য মাতৃতান্ত্রিক গারো সম্প্রদায়ের এক অন্যরকম গল্প শোনালেন সমাজকলাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 09:46 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “ছেলে হয়ে জন্মেছি। তাই আমাদের গারো সমাজে আমাদের উত্তরাধিকার নেই।”

এ সময় মিলনায়তন জুড়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে। আদিবাসী গোষ্ঠীগুলোতে এক ধরনের উত্তরাধিকার, বাঙালি সমাজে অন্যরকম। বাঙালি সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় প্রভাব রয়েছে।

“এদেশের ধর্মীয়ভাবে খ্রিষ্টানদের মধ্যে বিভিন্ন ধরনের উত্তরাধিকার প্রচলিত রয়েছে। বাঙালি খ্রিষ্টানদের এক রকম। আদিবাসী খ্রিষ্টানদের অন্যরকম। মুসলমান থেকে খ্রিষ্টান হওয়া, হিন্দু থেকে খ্রিষ্টান হওয়াদের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়।”

মাতৃতান্ত্রিক গারো সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন, “আমাদের সমাজে ছেলেদের উত্তরাধিকার নাই। বিষয়টা যেনো এ রকম, ছেলে হয়ে জন্মেছি। তাই আমাদের গারো সমাজে আমাদের উত্তরাধিকার নেই। তবে ভালো একজন স্ত্রী পেলে খুব সহজে জীবন চলে যায়।”

আফফ্রেড রোজারিও সংকলনে ‘খ্রিষ্টানদের ব্যবহারিক আইন পরিচিতি’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, আর্চবিশপ পৌলিনুস কস্তা, আর্চবিশপ, থিওটোনিয়াস গমেজ প্রমুখ।

‘বিবাহ বিচ্ছেদ আদালতেই হওয়া উচিত’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, খ্রিষ্টানদের মধ্যে বিচার বহির্ভূত বিবাহ বিচ্ছেদ নেই। বিবাহ বিচ্ছেদ করতে হলে তাদেরকে আদালতেই যেতে হয়।

“আমি মনে করি, এটা খুবই ভালো একটা পদ্ধতি। মুসলমানদের মধ্যে তালাক বললেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরফলে নানা সমস্যা সৃষ্টি হয়।”

তালাকের পর খোরপোষ বাচ্চা-কাচ্চার বিষয়গুলো অন্যান্য লেনদেন নিয়ে মামলা হয়। কিন্তু বিচ্ছেদগুলো যদি আদালতে মাধ্যমেই হতো, তাহলে ওই সময়েই এসব সমাধান হয়ে যায়।