২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কৃষি ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার দুপুরে ব্যাংকটির ভাবখন্ড শাখার কর্মকর্তা এস এম মাহমুদুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা হাটুভাঙ্গা শাখায় কর্মকর্তা থাকা অবস্থায় তিনি ভূয়া টিটির মাধ্যমে প্রায় সাত লাখ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ আনা হয়।

মাহমুদুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, মাহমুদুল ইসলাম ২০০৯ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক মির্জাপুরের হাটুভাঙ্গা শাখায় দায়িত্ব পালনকালে ইভা আক্তার নামে এক মহিলার সঞ্চয়ী হিসাব নম্বরের বিপরীতে ভূয়া টিটি’র মাধ্যমে আট লাখ ১৭ হাজার ৫০০ টাকা জমা দেখানো হয়।

পরে ১২টি চেকের মাধ্যমে মোট ছয় লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ ক্ষেত্রে এসএম মাহমুদুল হাসান নিজেই চেক লিখেন এবং ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিজেই চেকগুলি পাস করে টাকা উত্তোলনের ব্যবস্থা করেন বলে জানান দুদক কর্মকর্তা।

বিষয়টি টের পেয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ২০১০ সালের ৩১ জানুয়ারি মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তী সময়ে দুদক তদন্ত করে এবং মঙ্গলবারই আদালতে অভিযোগপত্র দাখিল  করা হয়েছে।

ইভা আক্তার গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে মুক্ত আছেন।