কুয়ালালামপুরের ভাড়া কমিয়েছে ইউনাইটেড
কুয়ালালামপুর রুটে ভাড়া কমিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
গত শনিবার থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মার্কেটিং এবং কমিউনিকেশন্স বিভাগের এজিএম কামরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন থেকে ২১ হাজার ৯০৭ টাকায় (যাওয়া ও আসা) একজন কুয়ালালামপুরে যেতে পারবেন। শুধু যাওয়া বা আসার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৫২ টাকা।”
প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে এবং সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা থেকে কুয়ালালামপুরের ফ্লাইট চলবে বলে জানান কামরুল।
আর প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) এবং সোম, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ১২টায় (স্থানীয় সময়) কুয়ালালামপুর থেকে ফ্লাইট ঢাকায় ছেড়ে আসবে।
কুয়ালালামপুর ছাড়াও ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে রয়েছে ইউনাইটেডের ফ্লাইট।
এছাড়াও অভ্যন্তরীণ ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে এ বিমান সংস্থাটি।
আর এ জন্য তাদের বহরে রয়েছে একটি ড্যাশ-৮ ১০০, তিনটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট দশটি উড়োজাহাজ।
