গাইবান্ধায় সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১১ জন।
রোববার উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাও গ্রামে এ সংঘর্ষে নিহত জবেদ আলী (৬০) বড়গাওগ্রামের মৃত ধনা মিয়ার ছেলে।
আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জালালপুর গ্রামের জসিম মিয়া (২৮) ও একই গ্রামের জাকিরুল ইসলাম (২৫)।
উপজেলার বেরাগীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বড়গাও গ্রামের ৩ একর আবাদি জমি নিয়ে দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী দিনাজপুর জেলার জালালপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মতিয়ার রহমানের সঙ্গে জবেদ আলীর বিরোধ ছিল।
বিবাদপূর্ণ ওই জমিতে জবেদ আলী সম্প্রতি আমন ধান রোপন করেন। কিন্ত রোববার সকালে মতিয়ার রহমান ও তার লোকজন ওই জমির রোপনকৃত ধান নষ্ট করে নতুনভাবে চারা লাগাতে যায়।
ওসি জানান, এতে জবেদ আলী ও তার লোকজন বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংর্ঘষে প্রতিপক্ষের মারপিটে জবেদ আলী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
